ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোটগণনা শুরু হয়েছে।
ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত এলইডি স্ক্রিনে শিক্ষার্থীরা সরাসরি ভোটগণনার কার্যক্রম দেখতে পারবেন।
এবারের নির্বাচনে ভোটার ছিলেন মোট ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার। গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন…কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা
২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ছাত্রী প্রার্থী ৬২ জন। মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী রয়েছেন।
বাকি পদগুলোতেও উৎসাহজনক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী রয়েছে সদস্য পদে—১৩টি আসনে মোট ২১৭ জন।দিনভর ভোটগ্রহণে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফেরে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।