ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আর্কিটেক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চান, আমি তাদের সঙ্গে অনেক বেশি সংযুক্ত অনুভব করি। তাই আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চাইবো।
তিনি বলেন, তবে তারা (বিএনপি) যদি মনে করেন আমার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। আমি শুধু আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই।
আরও পড়ু্ন…নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আবদুল আউয়াল
আওয়াল আরও বলেন, দেশের রাজনৈতিক উত্থান-পতনের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোতে চাই। রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এটি বাস্তবায়নে অংশ নেওয়াই আমার লক্ষ্য।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে তিনি প্রেস ক্লাব থেকে শুরু করে নবীনগর সদরে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন।