“হাইভল্টেজ ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের নবম শিরোপা”

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো মহাদেশীয় আসরের শিরোপা ঘরে তুলল সূর্যকুমার যাদবের ভারত।

আরও পড়ুন…দেড়শর আগেই থামল পাকিস্তান ফারহানের ফিফটির পরেও

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। হাইভল্টেজ ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ফাইনালের নায়ক তিলক ভার্মা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের সূচনা ছিল দারুণ। ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৮৪ রানের জুটি গড়েন। ফারহান ৫৭ ও ফখর ৪৬ রান করলেও বাকিরা ব্যর্থ হন। শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে পাকিস্তান ১৯.১ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব একাই ৪ উইকেট শিকার করেন।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। মাত্র ২০ রানের মধ্যে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান তরুণ তিলক ভার্মা। তাকে সঙ্গ দেন সঞ্জু স্যামসন ও শিবম দুবে।

৫৩ বলে অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক হন তিলক ভার্মা। শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল। চাপে না পড়ে চার ও ছক্কা মেরে ২ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এই জয়ে টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যাচ জেতানো ইনিংস খেলা তিলক ভার্মা।
ইবাংলা.প্রেস/ বাএ