আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে যারাই বাংলাদেশের সরকারে আসুক, সমর্থনের পাশাপাশি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিক সংগঠন ডিক্যাবের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
আরও পড়ুন…দুদকের সারাদেশে অভিযান: অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ
তিনি বলেন, “বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকারই নির্বাচিত হবে, ভারত তাদের সঙ্গেই কাজ করবে।”
অন্তর্বর্তী সরকারের ঘোষণার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মিশ্রি। তিনি আরও জানান, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এ সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে উভয় দেশেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা প্রয়োজন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানো প্রথম বিশ্বনেতা বলেও উল্লেখ করেন তিনি।
ভিসা কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে মিশ্রি বলেন, যদিও বর্তমানে কার্যক্রম সীমিত, তবুও ঢাকাই ভারতীয় ভিসার সবচেয়ে বড় উৎস। দুই দেশের জনগণের সম্পর্ক সবসময় ভারত গুরুত্বের সঙ্গে দেখে।
আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ এবং এ অঞ্চলে চরমপন্থার উত্থান রোধে বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিষয়টিকে “আইনি সমস্যা” হিসেবে আখ্যা দিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র সচিব।
তিস্তা নদী প্রকল্প ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, বিষয়গুলো সমাধানে ভারত ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।