ত্রয়োদশ নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি প্রস্তুত, সঙ্গে কুইক রেসপন্স ও হেলিকপ্টার ইউনিট

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজারেরও বেশি সদস্য। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বাহিনীটির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। নির্বাচনকালে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কর্নেল এস এম আবুল এহসান বলেন, দেশের প্রায় ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখার দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

আরও পড়ুন…দুই দিনের ধাক্কায় ভরিতে ৩০ হাজার টাকার বেশি কমলো সোনা, বড় পতনে বাজারে চমক

তিনি আরও জানান, নির্বাচনের সময় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সংযম বজায় রেখে দায়িত্ব পালন করবে। তবে কোনো পরিস্থিতিতেই বিজিবি সদস্যরা লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলেও স্পষ্ট করেন তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নাশকতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি মাঠে কাজ করবে।

নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বাহিনীটির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।ইবাংলা বাএ

প্রস্তুতবিজিবিবেশি