হরমুজ প্রণালিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অবরোধ উপেক্ষা করে দেশটির জলসীমায় ৫২টি জাহাজ নির্বিঘ্নে চলাচল করেছে বলে দাবি তেহরানের।
গত ৭২ ঘণ্টার ব্যবধানে এই জাহাজগুলো অবরোধ ভেঙে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলেও জানায় দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনে এই জাহাজগুলো চলাচল করেছে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ রয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। এই উত্তেজনার ধারাবাহিকতায় ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল। এর পর থেকেই আন্তর্জাতিক জলপথটি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং সেখানে নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়।
আরও পড়ুন…সন্ধ্যা থেকে আবারও ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাত সতর্কতা
সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত দুই পক্ষের বৈঠকে কোনো স্থায়ী চুক্তি সম্ভব হয়নি।
এর ১০ দিন পর, ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। মূলত ইরানের পক্ষ থেকে আলোচনার নতুন কোনো প্রস্তাব আসা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানানো হয়েছিল।