International Union of Architects এবং UN-Habitat যৌথভাবে World Urban Forum 13-এ ইউআইএ ২০৩০ পুরস্কারের তৃতীয় চক্রের বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছে।
আগামী ২০ মে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের টেকসই ও উদ্ভাবনী স্থাপত্য প্রকল্পগুলোকে সম্মাননা জানানো হবে।
২০২১ সালে চালু হওয়া এই দ্বিবার্ষিক আন্তর্জাতিক পুরস্কারটি এমন সব স্থাপত্য ও নগর উন্নয়ন প্রকল্পকে স্বীকৃতি দেয়, যা নান্দনিক উৎকর্ষতার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন…WUF13-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
বিশেষ করে এসডিজি-১১ “টেকসই শহর ও জনপদ” এবং নতুন নগর কর্মসূচি বাস্তবায়নে অবদান রাখা প্রকল্পগুলোকে এ পুরস্কারের আওতায় মূল্যায়ন করা হয়।
এবারের তৃতীয় চক্রে ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাশ্রয়ী আবাসন, অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা, গণপরিসরে প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীলতা। আয়োজকরা বলছেন, নির্বাচিত প্রকল্পগুলো বিশ্বব্যাপী টেকসই নগর উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইউআইএ ২০৩০ পুরস্কার – তৃতীয় চক্রের ঘোষণা”শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউআইএ ২০৩০ পুরস্কারের চেয়ারম্যান পিটার ওবর্ন। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউআইএ’র মহাসচিব রুই লিও, সেন্টার ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্টের বিচারক আনা রুবো এবং ইউএন-হ্যাবিট্যাটের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিসার ক্রিস্টেল লাহাউদ।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০ মে ২০২৬, বিকেল ৪টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাকু অলিম্পিক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে।