জাতিসংঘ জনপ্রশাসন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে সরকারি কর্মচারীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং নিরাপদ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন।
বার্তায় মহাসচিব বলেন, বিদ্যালয় থেকে সমাজসেবা, আদালত থেকে পরিচ্ছন্ন রাস্তা, জাতীয় উদ্যান থেকে পুলিশি ব্যবস্থা এবং গণপরিবহন পর্যন্ত—সরকারি কর্মচারীরাই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেবা কার্যক্রম সচল রাখছেন। তিনি সরকারি কর্মচারীদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় সরকারি খাতের মৌলিক ভূমিকাকে পুনর্ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভবিষ্যৎ নির্ভর করছে উদ্ভাবনী ও অভিযোজনক্ষম প্রতিষ্ঠানগুলোর ওপর।
আরও পড়ুন…রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ
এ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মহাসচিব বলেন, স্বচ্ছতা, সততা ও ন্যায্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারি কর্মকর্তারা সুশাসনকে আরও শক্তিশালী করতে এবং জনগণ ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বার্তার শেষাংশে তিনি নীতিকে বাস্তব অগ্রগতিতে রূপান্তরিত করতে কাজ করে যাওয়া সরকারি কর্মচারীদের প্রতি সমর্থন জানান এবং সবার জন্য উন্নত ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।