আনারুল ইসলামের ভুয়া সনদে অ্যাডহক কমিটির সভাপতি পদ নিয়ে বিতর্ক

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ জুলাই ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রামের বাসিন্দা মো. আনারুল ইসলাম আবুরী-মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার পর তার শিক্ষাগত সনদ নিয়ে প্রশ্ন ওঠে।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো সনদ যাচাইয়ের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় জানায়, উপস্থাপিত সনদের তথ্য তাদের সংরক্ষিত রেকর্ডের সঙ্গে মিল পাওয়া যায়নি।

আরও পড়ুন…পূর্বাচলে ৬ তদন্ত কেন্দ্র ও ৪ থানা হবে: আইজিপি  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ১৪ জুন ২০২৬ তারিখের এক যাচাই প্রতিবেদনে বলা হয়, আনারুল ইসলামের নামে জমা দেওয়া ২০০৩ সালের বি.এ (পাস) পরীক্ষার সনদের তথ্য বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সনদের তথ্য বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তথ্যভান্ডারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এর আগে আবুরী-মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি পদে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। ওই তালিকায় আনারুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি.এ (পাস) উল্লেখ ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি কেউ ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করে সনদকে বৈধ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আনারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

ইবাংলা বাএ

আনারুলইসলামেরভুয়াসনদ