ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে অনাপত্তি ও ছাড়পত্র পাওয়ার পরও নবীনগর পৌরসভার নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় এ নিয়ে জনমনে তৈরি হচ্ছে নানা প্রশ্ন, নবীনগর পৌরসভার জনবল নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কবে?পৌর কর্তৃপক্ষ বলছে, কার্যক্রম শুরু হয়েছে।
গত ৯ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগ থেকে যুগ্মসচিব মো: সগীর হোসেনের স্বাক্ষরে, নবীনগর পৌরসভার আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় বিবেচনায় পাঁচ টি শূন্য পদে ছয় মাস মেয়াদে জনবল নিয়োগের জন্য অনাপত্তি ও ছাড়পত্র প্রদান করা হয়েছে। পদগুলো হলো, নক্সাকার, সহকারী কর নির্ধারক,সহকারী কর আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক ও বিদ্যুৎ মিস্ত্রী।
স্থানীয় সরকার বিভাগ থেকে অনাপত্তি ও ছাড়পত্র (NOC) পাওয়ার পরও, নবীনগর পৌরসভা থেকে পৌরসভার শূন্য পদে জনবল নিয়োগের জন্য এখনো কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন…ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু
ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, নবীনগর পৌরসভার জনবল নিয়োগ নিয়ে হচ্ছেটা কি? আসলে কি নিয়োগ হবে? নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব ও স্থানীয় প্রভাবশালী মহলের নিজস্ব পছন্দের প্রার্থী নিয়োগের সুবিধার্থে কৌশলগতভাবে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব করা হচ্ছে? নাকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নিয়োগ হয়ে যাবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণত প্রার্থী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে এবং তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে।
জনবল নিয়োগের ওই ছাড়পত্রে বলা হয়েছে, পদসমূহ পূরণ করার ক্ষেত্রে কমপক্ষে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক ও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় এবং অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
ছাড়পত্র প্রদানকৃত পদে কোন প্রকার দৈনিক হাজিরা ভিত্তিক নিয়োগ বা অস্থায়ী নিয়োগ প্রদান করা যাবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ নীতিমালা ও পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক বাসিন্দা জানান, দালাল চক্রের ইশারায় চলছে পৌর সভার জনবল নিয়োগের কাজ। এই নিয়োগকে কেন্দ্র করে এক সুবিধাবাদীর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। অতি গোপনে চলছে তাদের কার্যক্রম। সেই কারণে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
নবীনগর পৌরসভার প্রশাসক ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, জনবল নিয়োগের অনাপত্তি ও ছাড়পত্রের চিঠি সবে মাত্র হাতে পেয়েছি।
নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে প্রতিনিধি দেওয়ার জন্য চিঠি লেখা হয়েছে, জেলা প্রশাসক প্রতিনিধি দেওয়ার পর, স্থানীয় কর্মকর্তাদের নিয়ে নিয়োগ কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের পর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আবেদনকারীদের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যতদিন আমি এই চেয়ারে আছি, ততদিন আমার দায়িত্ব সততা ও নিরপেক্ষতার সাথে পালন করে যাবো, আমি দায়িত্বে থাকা অবস্থায় পরীক্ষার আগে এই সকল পদে মাস্টাররোলে নিয়োগ ও নিয়োগের নামে বানিজ্য করার কোন সুযোগ নেই।
নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে জেলা প্রশাসক স্যারের নিকট গত বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে। চিঠির উত্তর আসার পর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নিয়োগ হয়ে গেছে, বা হয়ে যাবে?এই নিয়োগকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নয়।
এর আগে বিগত সরকারের সময়ে নবীনগর পৌরসভার নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অভিযোগের কারণে পরীক্ষা স্থগিতের ঘটনা ঘটেছিল, ফলে বর্তমান ছাড়পত্র অনুযায়ী নতুন নিয়োগে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের প্রত্যাশা সাধারণ মানুষের।