কক্সবাজারে রোহিঙ্গা তরুণদের সঙ্গে সাক্ষাৎ, শরণার্থীদের ভবিষ্যতের জন্য আরও জোরালো বৈশ্বিক সমর্থনের আহ্বান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন ২০২৬

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)-এর শুভেচ্ছা দূত তাহসান খান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে তরুণ শরণার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি তাদের আশা-আকাঙ্ক্ষা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গা তরুণরা দীর্ঘদিন বাস্তুচ্যুত অবস্থায় থাকার অভিজ্ঞতা, নিরাপত্তাজনিত ঝুঁকি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং প্রতিদিনের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, শিক্ষা, সামাজিক সহায়তা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম তাদের আশা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাহসান খান বলেন, “এই তরুণদের মনোবল ও দৃঢ়সংকল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। বছরের পর বছর বাস্তুচ্যুত থাকার পরও তারা একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখছে এবং সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করছে।

আরও পড়ুন…ঢাকার পথে প্রধানমন্ত্রী চীন সফর শেষে

তিনি আরও বলেন, শুধুমাত্র মানবিক সহায়তা নয়, শরণার্থীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগও জরুরি, যাতে তারা নিরাপদে নিজ দেশে ফিরে একদিন নিজেদের সম্প্রদায় পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।

সফরের অংশ হিসেবে তাহসান দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণদের সঙ্গেও কথা বলেন। তারা জানান, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি তাদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে উৎসাহ দিচ্ছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে রয়েছে, যারা মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে এসেছে। এ প্রেক্ষাপটে মানবিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছে।

তাহসান খান বলেন, “আমি এখানে যেসব রোহিঙ্গা মানুষের সঙ্গে দেখা করেছি, তারা তাদের স্বপ্ন কিংবা একদিন নিজ দেশে ফিরে যাওয়ার আশা হারায়নি। আন্তর্জাতিক সম্প্রদায়েরও তাদের প্রতি সমর্থন ও আশা ধরে রাখা উচিত।

তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও টেকসই সহযোগিতার আহ্বান জানান।

ইবাংলা বাএ

কক্সবাজারেতরুণদেররোহিঙ্গা