ঘটনার এক মাসের মধ্যে নড়াইলে চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি রবিউল সিকদার ওরফে রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশু কন্যা জান্নাতুল মাওয়া দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন।
আরও পড়ুন…বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
একপর্যায়ে প্রতিবেশী আতিয়ার শিকদারের ছেলে রবিউল সিকদার ওরফে রবির ঘরের মধ্যে অচেতন অবস্থায় জান্নাতুলকে পাওয়া যায়। পরে স্বজনরা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২১ জুলাই জান্নাতুলের বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল সিকদারকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। একই দিন দত্তপাড়া বাসস্ট্যান্ড থেকে জনতা রবিউল সিকদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার পর দ্রুত বিচার ও এক মাসের মধ্যে রায়ের দাবিতে নড়াইলের দত্তপাড়ায় বেনাপোল-যশোর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া নড়াইল শহরে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিও পালন করা হয়।
গ্রেপ্তারের পর রবিউল সিকদার রবি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু গত ৪ আগস্ট নড়াইলের আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালত গত ৬ আগস্ট অভিযোগপত্রটি আমলে নেন। এরপর ৯ আগস্ট মামলার অভিযোগ গঠন করা হয়।দ্রুত বিচার কার্যক্রমে ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্নের পর বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নড়াইল জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আজিবুর রহমান, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু ও অ্যাডভোকেট ইস্রাফিল খবির রাজু। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন কাজী আবুল কালাম।
রায় ঘোষণার পর অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু বলেন, এ রায়ে আমরা খুশি। সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ে রায় কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু জান্নাতুল মাওয়ার বাবা মফিজুর রহমান। তিনিও দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।