বিএনপির ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাত পরিচয় ৩৫০ জনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের উপর এ হামলার অভিযোগ ওঠে।
সোমবার (২২ নভেম্বর) রাতে এসআই আলামিন ও এসআই আবু সাদেক বাদী হয়ে এ মামলা দায়ের করে বলে নিশ্চিত করেছে খুলনা থানার ওসি হাসান আল মামুন।
খুলনা নগর ও জেলা বিএনপি নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়।
ওসি বলেন, “অনুমতি ছাড়া বিএনপি নেতারা সোমবার সকাল থেকে সমাবেশের জন্য কেডি ঘোষ রোডের সংগঠনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা সরে না গিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের আত্মরক্ষার জন্য লাঠিচার্জ এবং টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ওসিসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হয়।”
ওই ঘটনায় সোমবার রাতে বিএনপির ৪১ নেতাকর্মীসহ অজ্ঞাত পরিচয় ৩৫০ জনের নামে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে বিএনপির নগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে তিনিসহ ৭১ নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশ থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার( ২৩ নভেম্বর) বেলা ১২টায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

