“শেষ ওভারে রোমাঞ্চ, আফগানদের হারিয়ে সুপার ফোরের আশায় বাংলাদেশ”

আবুধাবি থেকে রাজিবুল | স্পোর্টস ডেস্ক | ইবাংলা.প্রেস| বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে টাইগাররা, তবে ভাগ্যের চাবিকাঠি এখন শ্রীলঙ্কার হাতে।

Islami Bank

আরও পড়ুন…ভারতের সামনে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে ১৫৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২২ রান। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দিলে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ফলে ৮ রানের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন ২৮ রানে। সমানভাবে কার্যকর ছিলেন নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২)। তাসকিন আহমেদও শেষ দিকে নেন ২টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ৩১ বলে ঝড়ো ৫২ রানের ইনিংস। সাইফ হাসান ২৮ বলে ৩০ রান করেন। তাওহিদ হৃদয় করেন ২০ বলে ২৬ রান। আফগানদের হয়ে রশিদ খান ও নুর আহমেদ নেন ২টি করে উইকেট।

one pherma

আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে গুরবাজ (৩৫) ও আজমাতউল্লাহ ওমরজাই (৩০) কিছুটা লড়াই জমালেও শেষ মুহূর্তে তাসকিন-মুস্তাফিজদের সামনে পেরে ওঠেনি তারা। অধিনায়ক রশিদ খান (২০) ও নুর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও জয়ের পথ খুঁজে পায়নি আফগানরা।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে আছে শ্রীলঙ্কা (+১.৫৪৬), যেখানে বাংলাদেশের নেট রান রেট –০.২৭০। তাই বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। লঙ্কানরা জিতলেই কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার ফোরে উঠবে টাইগাররা। তবে আফগানিস্তান জিতে গেলে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০; রশিদ ২/২৬)
আফগানিস্তান: ১৪৬/১০ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০; মুস্তাফিজ ৩/২৮)
ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us