দুই ফ্রি-কিক ও এক পেনাল্টিতে জর্ডানকে উড়িয়ে আর্জেন্টিনার টানা তৃতীয় জয়

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৮ জুন ২০২৬

টানা দুই ম্যাচ জিতে আগেই গ্রুপ পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল অপরাজিত থাকার চ্যালেঞ্জ। যেখানে দুই ফ্রি কিক ও এক পেনাল্টিতে ভর করে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (২৮ জুন) সকালে জিওভান্নি ও মার্টিনেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতিতে থেকে ফিরে এক গোল পরিশোধ করেন জর্ডানের মুসা আল তামারি। এরপরই মাঠে নামে মেসি, সেই সঙ্গে ফ্রি কিক থেকে একটি গোলও করেন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় আলবিসেলেস্তেরা। ১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল উৎসবের সূচনা করেন জিওভানি লো সেলসো।

মেসির অনুপস্থিতিতে তার বাঁ পায়ের নিখুঁত শট জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের ৩০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান বল ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট মারেন। ভিএআর পর্যালোচনা করে রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

আরও পড়ুন…শোল্ডার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে “রিজিওনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৬” অনুষ্ঠিত

৩১ মিনিটে স্পটকিক থেকে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিচের বাঁ কোণে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান এই স্ট্রাইকার। তার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। আজাইজেহ ও তাহার কয়েকটি প্রচেষ্টা থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ তা নসাৎ করে দেয়।

অন্যদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে তৃতীয় গোলের সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার। ফলে ২-০ গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। ৪৮ মিনিটে লো সেলসো আরও একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে ম্যাচের ৫৫ মিনিটে হঠাৎই ঘুরে দাঁড়ায় জর্ডান।

ডান প্রান্ত দিয়ে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি সহজ টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন। এই গোলের মধ্য দিয়েই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জাল অক্ষত রাখা আর্জেন্টিনার দুর্ভেদ্য রক্ষণভাগ এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে।

জর্ডানের এই গোলের ঠিক পরই মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। ম্যাচের ৬০ মিনিটে বেঞ্চ থেকে উঠে সবুজ গালিচায় পা রাখেন আর্জেন্টাইন জাদুকর। এরপর ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল করেন তিনি।

মেসির এই রেকর্ড গড়া গোলের পর ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আর্জেন্টিনা। ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের বাকি সময়টা জয়ের সুবাস নিয়ে খেলছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইবাংলা বাএ

আর্জেন্টিনারজয়টানাতৃতীয়